পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

পাবনার বেড়ায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ কিশোরেরা হলো—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় তাদের আত্মীয় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযান অব্যাহত ছিল।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।



