logo

হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থামল দুলালের পথ

হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থামল দুলালের পথ
বাড়ি ফেরার পর গ্রামবাসীকে যাত্রাপথের অভিজ্ঞতা তুলে ধরেন দুলাল হোসেন। ছবি : এশিয়া পোস্ট

পায়ে হেঁটে সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে নাটোরের সিংড়া থেকে যাত্রা শুরু করেছিলেন দুলাল হোসেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছালেও ভারতীয় ভিসা না থাকায় সীমান্ত পার হতে পারেননি তিনি। ফলে আপাতত বাড়ি ফিরেছেন এই স্বপ্নযাত্রী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেনাপোল সীমান্তে গিয়ে ভিসা না থাকায় ভারত প্রবেশ করতে না পেরে নিজ গ্রামে ফিরে আসেন দুলাল।

দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। গত ৪ আগস্ট মক্কা নগরীর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি।

বাড়ি ফেরার পর প্রতিবেশী ও গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি যাত্রাপথের অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি। গ্রামের চায়ের দোকানেও তার সেই অভিজ্ঞতার গল্প মন দিয়ে শুনছেন স্থানীয়রা।

দুলাল হোসেনের প্রতিবেশীরা বলেন, দুলালের এমন উদ্যোগ গ্রামবাসীর জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার ইচ্ছা পূরণ করেন এবং তার হজ কবুল করেন—এমন প্রত্যাশা তাদের।

দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার প্রবল ইচ্ছা থেকেই তিনি পায়ে হেঁটে যাত্রার সিদ্ধান্ত নেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই তিনি বেনাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছান। তবে ভিসা না থাকায় সেখান থেকে ভারতে প্রবেশ করতে পারেননি।

তিনি আরও বলেন, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের জন্য একজন ব্যক্তি তাকে সহযোগিতা করছেন। দ্রুত ভিসা পাওয়ার আশা করছেন তিনি। কাগজপত্র হাতে পেলেই আবারও পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান দুলাল।