‘দরকার হলে কফিন খুলে দেখব হাসিনার মাথা কি না’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রবেশ চেষ্টা ঠেকাতে প্রয়োজনে কফিন খুলে তল্লাশি চালানো হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিন খুলে দেখব হাসিনার মাথা কি না।’
মূলত ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শন এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবরে যশোরের বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। পাশাপাশি সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। অতিরিক্ত বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে এক বিজিবি সদস্যকে কফিন খুলে তল্লাশির বিষয়ে ওই মন্তব্য করতে শোনা যায়।
এদিকে সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।


