logo
Advertisement

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন সিজারিয়ান সেকশন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : এশিয়া পোস্ট

যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি সেবার পরিসর বাড়াতে ২০২৮ সালের জুনের মধ্যে প্রতিষ্ঠানটিতে একটি ৯ তলা ভবন নির্মাণের সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বর্তমানে ২০ শয্যার এই সেবা প্রতিষ্ঠানটিকে প্রথম ধাপে ৩০ শয্যা এবং পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।

অতীতে সিজারিয়ান অস্ত্রোপচার ও ধাত্রীসেবার সুনির্দিষ্ট সুযোগের অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই কেন্দ্রটির সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সময়ানুবর্তিতার তাগিদ দিয়ে তিনি নির্দেশ দেন, ‘যথাসময়ে অফিসে আসতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে। ভর্তি রোগী কিংবা বহির্বিভাগে সেবা নিতে আসা কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।’

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনসহ পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।