logo
Advertisement

বিকাশকর্মীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বাগেরহাট
বিকাশকর্মীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই
ছিনতাইয়ের প্রতীকী ছবি

বাগেরহাটে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ওই কর্মীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেলতলা হাটের মোড় থেকে চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ওই কর্মী সকাল সাড়ে ১০টার দিকে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বিভিন্ন এজেন্টের কাছে যাচ্ছিলেন। পরে বেলতলা হাটের মোড় পার হয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন।

এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। টাকা নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের একজন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।

বাগেরহাট বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, সকালে তিন লাখ টাকা দিয়ে আমাদের এক কর্মীকে পাঠানো হয়েছিল। বেলতলা এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা দেশীয় অস্ত্রধারীরা তার গতিরোধ করে তিন লাখ টাকা নিয়ে যায়। এ সময় তাকে আঘাতও করা হয়েছে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের কার্যক্রম চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয় :