logo

সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩০

সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩০
হবিগঞ্জের মাধবপুরে সালিশ চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট

হবিগঞ্জের মাধবপুরে সালিশ চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার খরকি গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের কালাকারীর ছেলে আহমদের মালিকানাধীন ঢাকার একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জল (৩৫) কিছু টাকা নিয়ে যান। পরে ওই টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার (২ জুন) বিকেলে খরকি গ্রামে একটি নালিশি বিচার বসে। বিচার চলাকালে একপক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপরপক্ষ এতে আপত্তি জানায়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৭ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, পূর্বের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরেই দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।