দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের ফেরি, লঞ্চসহ নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের যুগ্ম-পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজান থেকে আসা স্রোতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেখানে পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল।
প্রবল স্রোতে নৌযান চলাচলের ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএ দুটি জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো-
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ফেরি, লঞ্চ ও নৌযানকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।
যেসকল নৌযান, ফেরি বা লঞ্চের গতিবেগ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম, সেগুলোকে এই নৌপথ পরিহার করে চলাচল করতে হবে।
এ ছাড়া নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাস্টার, সুকানি ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞপ্তির অনুলিপি নৌ-পুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌ-শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।


