logo
Advertisement

বগুড়ায় লামিয়া বেকারি সিলগালা, ১০ হাজার টাকা জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বগুড়া, রাজশাহী
বগুড়ায় লামিয়া বেকারি সিলগালা, ১০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের দক্ষিণ শৈলপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও নানা অনিয়মের অভিযোগে লামিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেকারিটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বগুড়া জেলা পুলিশের একটি টিম।

মেহেদী হাসান জানান, বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। তদারকিকালে পচা ও ভাঙা ডিম, ক্ষতিকর পোড়া তেল এবং অননুমোদিত নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অপরিষ্কার টেবিলে খামির (ডো) তৈরি, ময়লাযুক্ত মেঝেতে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মোড়কে মিথ্যা তথ্য ব্যবহারের অপরাধও হাতেনাতে ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে বেকারিটিকে ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়।