টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ৫

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাতে নাজির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার ফজল আহমদের ছেলে। আহতরা হলেন—একই এলাকার মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই এলাকার মো. শাহাজানের ছেলে মো. আরিফ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। নিহতের ভাতিজা আলভি জানান, আরিফ, বিজল, সালামত উল্লাহ, নেতা সলিম, শফিক ও রিজুয়ানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নাজির হোসেন ঢলে পড়েন। পরিবারের পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. সৈয়দ মুহাম্মদ শাহীদ জানান, ছুরিকাঘাতে আহত নাজির হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার বুকের ডান পাশে মারাত্মক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় নাজির হোসেন নামে একজন নিহত এবং ৩-৪ জন আহত হয়েছেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


