logo

আঙুলের ছাপে মিলল প্রতিবন্ধী শফিকুলের পরিচয়, ফিরে পেলেন পরিবার

আঙুলের ছাপে মিলল প্রতিবন্ধী শফিকুলের পরিচয়, ফিরে পেলেন পরিবার
পরিবারের সঙ্গে বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

প্রায় তিন বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন বাকপ্রতিবন্ধী যুবক শফিকুল ইসলাম। নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারছিলেন না তিনি। অবশেষে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা ইউনিট।

শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত আমোদাবাদ গ্রামে। তিনি ওই গ্রামের মো. আজিজ ও হালিমা খাতুনের ছেলে।

বুধবার (১০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পিবিআই সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় একটি চায়ের দোকানের সামনে শফিকুলকে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দা শরীফুল আলম। বাকপ্রতিবন্ধী হওয়ায় শফিকুল তার পরিচয় জানাতে পারছিলেন না। মানবিক কারণে শরীফুল তাকে নিজের আশ্রয়ে রাখেন এবং এক বছর লালনপালন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বজনদের খোঁজার চেষ্টা চালিয়ে যান তিনি।

পরে আইনি জটিলতা এড়াতে গত ৩ জুন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফুল। এরপর তিনি পিবিআইয়ের প্রযুক্তিগত সাফল্যের কথা জানতে পেরে গত ৮ জুন শফিকুলকে নিয়ে পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ে উপস্থিত হন।

পরে পিবিআইয়ের একটি বিশেষ দল ‘ব্যক্তি শনাক্তকরণ মেশিন’-এর মাধ্যমে শফিকুলের আঙুলের ছাপ ব্যবহার করে তার জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা শনাক্ত করে। পরে ওই ঠিকানায় যোগাযোগ করে তার পরিবারকে খবর দেওয়া হয়।

ছেলের খোঁজে গত বুধবার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গাজীপুরে আসেন শফিকুলের মা-বাবা। তিন বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে পিবিআই মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শফিকুলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।