কক্সবাজারে হাজি বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল, এক লাখ টাকা জরিমানা

বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অভিযোগে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার হাজি বিরিয়ানিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার তৈরির পরিবেশে আরও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শহরের বাজারঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান, হাজি বিরিয়ানিতে খাবার তৈরিতে যে কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল, তা মূলত কিডনি ডায়ালাইসিসের রাসায়নিক কাজে ব্যবহৃত হয় এবং খাদ্যে এটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, রাসায়নিক মিশ্রিত এই কেওড়া জল গ্রহণ করলে কিডনি ও লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে খাদ্য তৈরিতে এর ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে হাজি বিরিয়ানির রান্নাঘরে আরও নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে থালা-বাসন ধোয়ামোছায় কাপড়ের হুইল পাউডার ব্যবহার, খাদ্যকর্মীদের মাথায় হেয়ার নেট না থাকা এবং প্রস্তুত করা খাবার ঢাকনাবিহীন অবস্থায় ফেলে রাখার মতো বিষয়গুলো রয়েছে। এ ছাড়া কর্মচারীদের ব্যবহারের টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশ পাওয়া যায়নি। এমনকি রান্নাঘর ও খাবার তৈরির পুরো স্থানে ছিল মাকড়সার জাল ও অপরিচ্ছন্ন পরিবেশ।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে উল্লেখ করে হাসান আল মারুফ বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে বাজারঘাটা এলাকার মুরগি, মাংস ও মুদি দোকানগুলোতেও তদারকি করা হয়। দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানো হয়েছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না এবং সঠিক ওজনে কেনাবেচা চলছে কি না—তা খতিয়ে দেখা হয় বলে জানান এই কর্মকর্তা।


