কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরাফাত হোসেন রাব্বি (২২) চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ও আরাফাত হোসেন সম্পর্কে আত্মীয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজে সহযোগিতার কথা বলে শনিবার সকালে তরুণীকে মোটরসাইকেলে চৌগাছা শহরে নিয়ে যান আরাফাত। অভিযোগ অনুযায়ী, পরে বিভিন্ন কথার ছলে তাকে নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর তরুণী বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে রাতেই পরিবারের সদস্যদের সঙ্গে চৌগাছা থানায় গিয়ে তিনি নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন। তার শারীরিক পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান দাবি করেন, আরাফাতের বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। তার ভাষ্য, ভুক্তভোগী পরিবারের সঙ্গে আরাফাতের পরিবারের দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ ও মামলা রয়েছে। ওই বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে বলে তারা মনে করছে।
তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আরাফাত হোসেন রাব্বিকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল। যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ্ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)

