ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. সাদেক মিয়া। তিনি জেলার ফুলবাড়িয়া থানা এলাকার বাসিন্দা। আরেকজন নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক মিয়ার একজন আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন সাদেক। অটোরিকশাতে চালক ছাড়াও আরও চারজন যাত্রী ছিলেন। আকুয়া বাইপাস মোড় পর্যন্ত আসতেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীর মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদেক মিয়াকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন বলেন, হাসপাতালের মর্গে দুই জনের মরদেহ রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


