logo

এনসিপিতে যোগ দিলেন জামায়াত নেতা

এনসিপিতে যোগ দিলেন জামায়াত নেতা
মো. মামুন উদ্দিন মেজবান। ছবি : এশিয়া পোস্ট

ফেনীর পরশুরামে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় এক জামায়াত নেতা। দলে যোগদানের পরই তাকে এনসিপির ফেনী জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটি ঘোষণা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

জাতীয় নাগরিক পার্টিতে যোগদানকারী ওই নেতার নাম মো. মামুন উদ্দিন মেজবাহ। তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক এবং জামায়াতের পেশাজীবী সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডাব্লিউএফ)-এর পরশুরাম উপজেলা শাখার সভাপতি ছিলেন।

জামায়াতের রাজনীতি ছাড়ার বিষয়টি স্বীকার করে মো. মামুন উদ্দিন মেজবাহ জানান, তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন এবং তাকে জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে তিনি জামায়াতে ইসলামী ছেড়েছেন, সে বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হননি। যদিও স্থানীয় একটি সূত্রে জানা গেছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি জামায়াত ছেড়ে নতুন এই রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এ ছাড়া ২০২৪-২৫ সালের বন্যায় পরশুরামের কালিকাপুর, রাঙ্গামাটিয়া ও বল্লাখুমার বাঁধের দুই পাশের মাটি ও বালু বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরেও তার জামায়াত ছাড়ার গুঞ্জন রয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, পরশুরাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুন উদ্দিন মেজবাহ জাতীয় নাগরিক পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন। তাকে জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।