logo

দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন

দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন
মাহাদী হাসান। ছবি : ফেসবুক থেকে পাওয়া

দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট নিম্ন আদালতের দুটি আদেশ বাতিল চেয়ে আদালতে রিভিশন আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান।

গত রোববার (৮ নভেম্বর) তিনি এ আবেদন দাখিল করেন। এতে গত ১৫ মার্চ দেওয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এবং ২৬ অক্টোবর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজের আদেশ বাতিলের আবেদন জানানো হয়েছে। তবে বিষয়টি সম্প্রতি জানা গেছে।

রিভিশন আবেদনে বলা হয়েছে, গত ৩ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত থেকে জামিন পান তিনি। এরপর থেকে জামিনে থাকা অবস্থায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।

আবেদনের বিবরণ অনুযায়ী, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৭ ফেব্রুয়ারি আদালতে আবেদন করে মাহাদী হাসানের জল, স্থল ও আকাশপথে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

তবে নিষেধাজ্ঞা জারির আগে তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি কিংবা নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলে রিভিশন আবেদনে দাবি করেছেন মাহাদী। এ কারণে আদালতের ওই আদেশ সম্পর্কে তিনি দীর্ঘদিন অবগত ছিলেন না বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, গত ৮ অক্টোবর উচ্চশিক্ষার উদ্দেশ্যে জামাইকা যাওয়ার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাহাদী। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালে প্রথমবারের মতো জানতে পারেন, তার বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে না পেরে বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয় তাকে।

এরপর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট নিম্ন আদালতে আবেদন করেন মাহাদী। গত ২৬ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অপরাজিতা দাশ শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেন।

ওই আদেশে আদালত উল্লেখ করেন, একই বিষয়ে একবার আদেশ দেওয়ার পর একই আদালতে পুনরায় তা বিবেচনার সুযোগ নেই। এ যুক্তিতে মাহাদীর আবেদনটি নামঞ্জুর করা হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট