আধিপত্যের লড়াইয়ে যুবককে মাথায় গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া একই দিনে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে রায়পুরা থানার দড়িগাঁও ও হরিপুর বাজার এলাকায় এই পৃথক হামলার ঘটনা ঘটে।
নিহত অনিক মিয়া (২৩) রায়পুরা থানার নীলিক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ অন্য দুজন হলেন রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অনিক রায়পুরার দড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রতিপক্ষ হান্নান, জবা মেম্বার ও আবেদ আলীসহ কয়েকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা অনিকের মাথার পেছনে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সহিংসতার সূত্র ধরেই আজ ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরার হরিপুর বাজারের ভেতরে গুলির আরও একটি ঘটনা ঘটে। বাজারে অবস্থানকালে কে বা কারা হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিতে রাজু ও মোস্তফা কামাল গুরুতর আহত হন। স্বজনরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢামেক সূত্র জানিয়েছে, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত কয়েকজনের খবর পেয়েছি। ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।



