নাটোরে বাস কাউন্টার দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনা নিয়ে বিআরটিসি বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাইপাসের মোড়ে অবস্থিত একটি চায়ের স্টল এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাসে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে স্থানীয় বাস কাউন্টারের কর্মচারীদের প্রথমে বিরোধের সৃষ্টি হয়। এর পরদিন বুধবার দুপুরে সেই বিরোধের জের ধরে বিআরটিসি কাউন্টারের কর্মীদের সঙ্গে গোল্ডেন লাইন, পাবনা এক্সপ্রেস এবং নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিক-কর্মচারীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত ছয়জন রক্তাক্ত আহত হন।
ঘটনার খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



