গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়ূবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন ভোর সাড়ে পাঁচটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, একটি গুদাম থেকে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টার পর ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ির তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে চার-পাঁচটি গুদামের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পাই। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



