logo
Advertisement

ফরিদপুরে দুই ঘণ্টার দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফরিদপুর
ফরিদপুরে দুই ঘণ্টার দফায় দফায় সংঘর্ষে আহত ৩০
অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর ও ফুকরা গ্রামের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সালথা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাখাওয়াত হোসেন জয়নাল ও অ্যাডভোকেট লাভলুর সমর্থকদের সঙ্গে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হকের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হকের দাবি, সংঘর্ষের আগে তার সমর্থকদের তিন থেকে চারজনকে মারধর করা হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তার সমর্থকরা পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।