logo
Advertisement

নর্দমায় পড়ে ছিল নারীর মরদেহ, পাশে স্মার্টফোন ও ব্যাগ

এশিয়া পোস্ট নিউজ,সাতক্ষীরা
নর্দমায় পড়ে ছিল নারীর মরদেহ, পাশে স্মার্টফোন ও ব্যাগ
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরা শহরের তালতলা এলাকার একটি সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম (৪০) নামের এক কারখানাশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিদের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কহিনুর বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি পাটকেলঘাটা থানা সদরে বসবাস করতেন। তিনি তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সড়কের পাশের একটি দোকানের পেছনে নর্দমার কাছে কহিনুর বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি শপিং ব্যাগ এবং পানিতে পড়ে থাকা একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে কিছু নগদ টাকাও ছিল।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা নার্গিস আক্তার বলেন, কহিনুরের পরনে ম্যাক্সি, সায়া ও বোরকা ছিল। বোরকার ভেতরে একটি ওড়নাও ছিল। মরদেহের শরীর বা মুখে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন তিনি দেখতে পাননি।

নিহতের ভাই ইমরান হোসেন জানান, তার বোন তালতলা এলাকার একটি ফুড ফ্যাক্টরিতে কাজ করতেন। কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা তারা বুঝতে পারছেন না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। উদ্ধার করা স্মার্টফোনের তথ্য বিশ্লেষণ করেও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।