logo

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কেন্দ্রে আগুন

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কেন্দ্রে আগুন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় অবস্থিত জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আগুনে ঘরের ব্যাটারি, এসি, ফ্যান ও আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কক্ষটি তালাবদ্ধ থাকায় দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করতে হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা জানান, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত ছাড়া আগুনের সঠিক কারণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।

অগ্নিকাণ্ডে আইসিটি কেন্দ্রের ব্যাটারি, এসি, ফ্যান, আসবাব ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বা অন্য কোনো মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত প্রয়োজন। এটি বৈদ্যুতিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।