সাবেক শিক্ষামন্ত্রীর ভগ্নিপতি ডা. সেলিম আটক

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করে খুলশী থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেড’-এ অভিযান চালায় পুলিশ। পেশাগত জীবনে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি ডা. সেলিম আকতার চৌধুরী ওই ক্লাবটির নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এশিয়া পোস্টকে জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান এখনও চলমান। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।


