কুড়িগ্রামে ইয়াবাসহ সাবেক জাসাস নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লুৎফর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে লুৎফর রহমানের একটি কনফেকশনারি দোকান রয়েছে। সেখানে অভিযান চালিয়ে দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক পরিচয়ে লুৎফর রহমান ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। মাদকবিরোধী অভিযানে তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। অভিযান শেষে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি এই মুহূর্তে স্টেশনে নেই।
