চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর মারা গেছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন, অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন। আজও তিনি হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি পাঁচ মাস আগে বিয়ে করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি এশিয়া পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।



