খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে পেটালেন যুবদলের দুই নেতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের কর্মচারীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
অভিযুক্ত যুবদল নেতারা হলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ এবং সদস্য অনিক ইসলাম অভি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকার রবি টাওয়ারের সামনে সরকারি খালের জমি অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করতে বলেন। এ সময় যুবদলের নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা দেন। একপর্যায়ে তারা ভূমি অফিসের দুই কর্মচারী ও অটোরিকশাচালক সোহেলকে মারধর করে আহত করেন বলেও অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে থাকা অবৈধ ড্রেজারটি বিনষ্ট করা হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদলের নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভিকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
