জিন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে জিনের আসর তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সি এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রেজাউল বারী (৪৭) শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, অসুস্থ কিশোরীর ওপর জিনের প্রভাব রয়েছে—এমন ধারণা থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর তার পরিবার রেজাউল বারীর শরণাপন্ন হয়। এ সময় তিনি কিশোরীকে তাবিজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।
পরে খতিবের সঙ্গে যোগাযোগ করলে তার পরামর্শে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে শ্রীনগর বাজার এলাকায় তার ভাড়া বাসায় যান মা-বাবা। সেখানে জিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ঘর অন্ধকার করে দেন খতিব।
কিশোরীর মা-বাবার অভিযোগ, এ সময় জিন তাড়ানোর নামে বিভিন্ন কৌশলে অন্ধকার কক্ষে কিশোরীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন তিনি। পরে রাতেই তারা শ্রীনগর থানায় অভিযোগ করেন।
শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগী কিশোরীর জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

