এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত প্রতিবেদন দিতে ৭২ ঘণ্টা সময়

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি আগুন লাগার সম্ভাব্য কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম এশিয়া পোস্টকে বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। এ ছাড়া ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা অনুযায়ী কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায় বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।

