logo

সাজেকে দ্বিতীয় দিনেও জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

সাজেকে দ্বিতীয় দিনেও জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি
পর্যটন এলাকা সাজেক। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসীত গ্রুপ) মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধি জানান, রোববার দুপুর সোয়া ৩টার দিকে ওই দুর্গম পাহাড়ি এলাকায় দু পক্ষের মধ্যে নতুন করে গোলাগুলি শুরু হয়।

সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা এশিয়া পোস্টকে বলেন, দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল সোয়া ৩টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম এবং আশেপাশে কোনো বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাজেকের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলি চলে।

নির্ভরযোগ্য সূত্রের দাবি, গতকালের বন্দুকযুদ্ধে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। তবে কোনো সংগঠনই এ হতাহতের বিষয়টি স্বীকার করেনি।

টানা দ্বিতীয় দিন গোলাগুলির বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, মাচালং লাঙ্গল মারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস সন্তু গ্রুপ ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলি চলার খবর পাওয়া গেছে।

এদিকে পর পর দুই দিন সাজেকের দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে এমন সংঘাত ও গোলাগুলির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।