logo

সংসদ দেখার স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো ১২১ শিক্ষার্থীর

সংসদ দেখার স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো ১২১ শিক্ষার্থীর
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো হবিগঞ্জের ১২১ শিক্ষার্থীর। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের অধিবেশন দেখার স্বপ্ন পূরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে হবিগঞ্জের ১২১ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম কার্যদিবসে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাধারণ জ্ঞান অর্জনের পরামর্শ দেন।

Advertisement

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী তাদের চকোলেট দিয়ে আপ্যায়ন করেন।

এর আগে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সংসদের অতিথি গ্যালারিতে বসে শিক্ষার্থীরা অধিবেশন প্রত্যক্ষ করে।

হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্কজিত সুত্রধর বলেন, বাড়িতে টেলিভিশনে জাতীয় সংসদের অধিবেশন দেখতাম। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্য শুনতাম, যা আমাদের বিতর্ক প্রতিযোগিতায় কাজে লাগত। তবে সরাসরি সংসদে বসে অধিবেশন দেখতে পারব, তা কখনো ভাবিনি। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। বিতার্কিক হিসেবে আত্মবিশ্বাস বেড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, সংসদ অধিবেশন দেখে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মানসিকতা ও আত্মবিশ্বাস তৈরি হবে। এই বয়সেই তারা জানতে ও বুঝতে পারল, কীভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং আইন প্রণয়ন করতে হয়। শিক্ষার্থীদের এমন সুযোগ করে দেওয়ায় আমরা সরকারপ্রধান ও হুইপের প্রতি কৃতজ্ঞ।

হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেধাবী শিক্ষার্থীদের এ সুযোগ করে দেওয়া হয়েছে, যেন তাদের মধ্য থেকে আগামী দিনের হবিগঞ্জ তথা বাংলাদেশের নেতৃত্ব উঠে আসে। আমি এভাবে শিক্ষার্থীদের সংসদে নিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখবো।

সম্প্রতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিক্ষার উন্নয়নমূলক সভায় যোগ দেন। সেখানে শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা কী উপহার চায়। তখন শিক্ষার্থীরা একদিন জাতীয় সংসদের অধিবেশন দেখার ইচ্ছা প্রকাশ করে। শিক্ষার্থীদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে আসেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি তোমাদের সংসদে নিয়ে যাব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল চারটি বাসে করে হবিগঞ্জের একটি কলেজ, ২২টি উচ্চবিদ্যালয় ও দুটি মাদরাসার ১২১ শিক্ষার্থীকে সংসদে নিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন কয়েকজন শিক্ষক।

সকালে বাসে ওঠার পর শিক্ষার্থীদের নাশতা দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদের ক্যান্টিনে তাদের খাবারের আয়োজন করেন হুইপ জি কে গউছ। পরে শিক্ষার্থীদের অতিথি গ্যালারিতে নেওয়া হয়। সেখানে বিকাল ৩টা থেকে তারা অধিবেশন প্রত্যক্ষ করে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হুইপ জি কে গউছের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হাতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার একটি স্ক্যাচ করা পোর্ট্রেট তুলে দেয়। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপির সঙ্গেও সাক্ষাৎ করে।