চাঁপাইনবাবগঞ্জে ১ মাস ধরে বন্ধ মিড-ডে মিল, কমছে ক্লাসে উপস্থিতি

দুপুরের বিরতিতে একটি বনরুটি, পাকা কলা কিংবা পুষ্টিকর সিদ্ধ ডিম, এই আয়োজনটুকু গ্রামীণ ও চরাঞ্চলের কোমলমতি শিশুদের প্রতিদিন বিদ্যালয়ে টেনে আনত। কিন্তু সরবরাহকারী সংস্থার সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় থমকে গেছে সেই আনন্দ। গত এক মাসেরও বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে স্কুল ফিডিং কার্যক্রম।
এতে একদিকে যেমন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে প্রতিদিনের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে লক্ষাধিক শিশু।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের আওতায় জেলার ৬১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২১ হাজার ৪৪৫ জন শিশু শিক্ষার্থী প্রতিদিন মিড-ডে মিল পেত। কর্মসূচিটি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) শিক্ষার্থীদের জন্য বনরুটি, কলা ও সিদ্ধ ডিম সরবরাহ করত। পাশাপাশি ‘প্রাণ’ কোম্পানির পক্ষ থেকে দুধ ও বিস্কুট দেওয়া হতো।
জানা গেছে, গাকের সঙ্গে সরকারের এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি বছরের ১৪ অক্টোবর থেকে এই কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। গাকের সরবরাহ বন্ধ হওয়ার পর প্রাণ কোম্পানিও তাদের পণ্য পাঠানো বন্ধ করে দেয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির বরাতে ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়েছিল কিন্তু ৩ নভেম্বর পেরিয়ে গেলেও কেন তা পুনরায় চালু হলো না, সে বিষয়ে স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ফলে দীর্ঘ এক মাস ধরে বন্ধ থাকা স্কুল ফিডিং কর্মসূচি আবারও শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সরেজমিনে কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুপুরের বিরতিতে আগের মতো শিশুদের সেই উচ্ছ্বাস নেই। টিফিনের সময় অনেকেই বাড়ি চলে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, আগে স্কুলে গেলে ডিম, কলা আর রুটি দিত। খেতে খুব ভালো লাগত, তাই একদিনও স্কুল বাদ দিতাম না। এখন এক মাস ধরে আর কিছু দেয় না, তাই দুপুরে খুব খিদে লাগে।
শিবগঞ্জ উপজেলার আরেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রাহেলা বেগম জানান, চরাঞ্চলে তাদের মতো নিম্নআয়ের পরিবারের পক্ষে প্রতিদিন বাচ্চাদের ডিম বা দুধ কিনে দেয়া সম্ভব হয় না। স্কুলের এই খাবারের কারণে বাচ্চারা যেমন খুশি মনে স্কুলে যেত, তেমনি তাদের শরীরের পুষ্টিও মিটত। হঠাৎ খাবার বন্ধ হয়ে যাওয়ায় বাচ্চাদের এখন আর আগের মতো স্বাচ্ছন্দ্য নিয়ে স্কুলে যাচ্ছে না।
শিক্ষকরাও বলছেন, ফিডিং চালুর পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছিল। নিয়মিত উপস্থিতির কারণে মূল্যায়ন পরীক্ষা এবং মাসিক শিখন-শেখানো কার্যক্রমেও শিক্ষার্থীরা ভালো করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, কার্যক্রমটি বন্ধ হওয়ার পর থেকেই উপস্থিতির হার কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা দুপুরের খাবারের আশায় বিদ্যালয়ে আসত। দীর্ঘ এক মাস ধরে বন্ধ থাকায় আগের সেই অর্জন ধরে রাখা এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গ্রাম উন্নয়ন কর্মের (গাক) সিনিয়র পরিচালক মাহবুব আলম বলেন, সরকারের সঙ্গে আমাদের এক বছরের চুক্তি ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলাসহ রাজশাহী বিভাগের ১২টি উপজেলায় খাবার সরবরাহ বন্ধ আছে। সরকার পুনরায় আমাদের সঙ্গে এই কর্মসূচি চালুর জন্য চুক্তি করবে কি-না, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে কিছু কিছু স্কুলে ব্যতিক্রমীভাবে স্কুল ফিডিং কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো ৩টি খাবার নিয়ে খেতে পারবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত বছরের ১৭ নভেম্বর স্কুল ফিডিং চালুর পর থেকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি দ্রুত বাড়তে থাকে। কিন্তু চলতি বছরের ১৪ অক্টোবর থেকে এটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ নিয়ে সার্বিক বিষয়ে জানতে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আবুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দ্রুত প্রশাসনিক জটিলতা কাটিয়ে প্রাথমিকের কোমলমতি শিশুদের জন্য এই পুষ্টিকর টিফিন কার্যক্রম আবারও চালু করা হবে এমনটাই প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের।


