logo
Advertisement

পীরগাছায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
পীরগাছা, রংপুর
পীরগাছায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
রংপুরের পীরগাছায় দুর্বৃত্তদের কেটে ফেলা পেঁপে বাগান। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমিতে থাকা প্রায় ৪১০টি পেঁপে গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

এর আগে গত বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম জানান, ৪৪ শতক জমিতে তিনি পেঁপের বাগান করেছিলেন। বুধবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ৪১০টি গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি।

শফিকুল ইসলাম বলেন, রাতের আঁধারে আমার বাগানের প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পেঁপে গাছ কাটার ঘটনাটি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে কোনো সিসি ক্যামেরাও ছিল না। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় এলাকার কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) যাচাই করব। এ জন্য কিছুটা সময় লাগবে। ঘটনায় ক্ষতিসাধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।