লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গড়ার ঘোষণা এ্যানির

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
তিনি বলেন, রাস্তাঘাট, জলাবদ্ধতা, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অনেক উন্নয়নের দিক থেকে আমরা বঞ্চিত হয়েছি গত ১৭ বছর। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা লক্ষ্মীপুরে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন আমরা গঠন করব।
তিনি আরও বলেন বলেছেন, আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, বঞ্চনার শিকার না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করেছি, আমরা বিএনপি চাইলে সেটা পারি, প্রমাণও পেয়েছি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।



