logo

ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিষিদ্ধ কৃষক লীগের কর্মী নিহত

ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিষিদ্ধ কৃষক লীগের কর্মী নিহত
নিহত মোহাম্মদ টমাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টোমাস আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্ত এলাকা চৌকা মাঠে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত টোমাস আলী বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মর্তুজা আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের একজন কর্মী ছিলেন। আহত তিনজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বুধবার দুপুরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকায় ককটেল তৈরির কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই টোমাস আলীর মৃত্যু হয় এবং পাশে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।