সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার চার ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিলচলন, মূলগ্রাম, ডিবিগ্রাম ও মথুরাপুর ইউনিয়নে ডিলার নিয়োগে ব্যপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের সমর্থক ও সক্রিয় ব্যক্তিবর্গকে সুযোগ করে দেওয়া হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি এসব ডিলাররা কৃষকদের হয়রানি ও অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলেও অভিযোগ তোলেন তারা।
বক্তারা বলেন, বিলচলন ইউনিয়নে যুবলীগ নেতা সামাদ আলী, মূলগ্রাম ইউনিয়নে রহমত আলী, ডিবিগ্রাম ইউনিয়নে আকমল হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে আরিফুল ইসলাম ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এসব ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তারা বিএনপির কিছু ব্যক্তিবর্গকে প্রভাবিত করে অনিয়মের মাধ্যমে ডিলারশিপ হাসিল করেছেন।
বক্তারা অবিলম্বে অভিযুক্ত চার ডিলারের নিয়োগ বাতিল করে নিয়মানুযায়ী উপযুক্ত ব্যক্তিদের সার ডিলার হিসেবে পুনরায় নিয়োগের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল করিম তারেক, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আফসার আলী নেভী, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. সাইফুল এবং মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াছিন আলী প্রমুখ।
কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন এবং অভিযোগ নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
