প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে স্তন ক্যানসারবিষয়ক সচেতনতামূলক আলোচনা, স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের স্তন ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
এরপর স্তন ক্যানসারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।
ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু তার বক্তব্যে নারীর স্বাস্থ্যসুরক্ষা এবং স্তন ক্যানসার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে।
সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তুলতে এবং মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার স্ক্রিনিং করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নারী শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাঁরা স্তন ক্যানসারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরামর্শ পান।
ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহঃ জহুরুল হক।
অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এ ছাড়া বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্যসচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ স্থানীয় নেতারা।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আনিসুর রহমান, ডা. শফিউল আলম বিটু, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. ইশরাত সুলতানা জিমি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. রাজিব হোসেনসহ ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে ডা. বিটু স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে গাবতলীতে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ পরিদর্শন করেন।
আয়োজকদের আশা, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ জনকল্যাণমূলক উদ্যোগ নারীর স্বাস্থ্যসুরক্ষা, স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।




