পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেল ৭৩১ শিক্ষার্থী

মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডের এক হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন। খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ‘এ’ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনর্নিরীক্ষণে পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছেন উন্নত গ্রেড ও জিপিএ-৫।
পুনর্নিরীক্ষণে আগে ‘এফ’ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ‘এফ’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছেন একজন ‘এ মাইনাস’ পেয়েছেন তিনজন, ‘বি’ পেয়েছেন ৩৩ জন, ‘সি’ পেয়েছেন ১৯ জন এবং ‘ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩২৪ জন।
এ ছাড়া আগে ‘এ মাইনাস’ গ্রেড পাওয়া ১৯ জন এবং ‘বি’ গ্রেড পাওয়া দুজন পরীক্ষার্থীও পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করেছেন।
পুনর্নিরীক্ষণের ফলে ‘এ মাইনাস’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এ ছাড়া ‘বি’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন ১২ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ১৫০ জন। ‘সি’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছেন একজন, ‘এ মাইনাস’ পেয়েছেন একজন, ‘বি’ পেয়েছেন ৬৫ জন। ‘ডি’ গ্রেড থেকে ‘এ মাইনাস’ পেয়েছেন একজন এবং ‘সি’ পেয়েছেন ১৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখন-সংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।
তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে তা বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।


