বোরির সঙ্গে ইউনিয়ন হসপিটালের স্বাস্থ্যসেবা বিষয়ক চুক্তি

প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। এ চুক্তির ফলে বোরির বৈজ্ঞানিক কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন হসপিটাল থেকে নিয়মিত ও জরুরি চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সুলভ মূল্যে গ্রহণ করতে পারবেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বোরির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর শেখ শাহীদ আহমেদ (এইচ১), এনপিপি, পিএসসি, বিএন চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী। এ সময় সমঝোতা স্মারকটি হস্তান্তর করেন হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয়।
অনুষ্ঠানে বোরির মহাপরিচালক কমডোর শেখ শাহীদ আহমেদ বলেন, ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির সঙ্গে স্বাস্থ্যসেবাবিষয়ক সমঝোতা স্মারক সই করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এ চুক্তির মাধ্যমে বোরির কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
ইউনিয়ন হসপিটালের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয় বলেন, কক্সবাজারের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি জেলায় কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং পর্যটকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবাকে আমরা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ড হিসেবে দেখি না; বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করি।
অনুষ্ঠানে বোরির পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ, মো. জাকারিয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসাইন, সৌমিত্র চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসির নির্বাহী সদস্য মো. নুরুল হক, জনসংযোগ কর্মকর্তা রুহুল কাদের শিলুসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

