কার্টন ফেলে পালালেন পাচারকারীরা, খুলতে মিলল ১২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধাওয়া খেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল কার্টন ফেলে পালিয়ে যায়। কার্টনগুলোর মুখ খুলতেই দেখা মেলে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে। পরে এসব মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে বিজিবি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করা হয়। এসময় বিজিবির ধাওয়া খেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল কার্টন ফেলে পালিয়ে যায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন আলীনগর বিওপির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে কয়েকজনকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা কার্টন ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। জব্দ করা ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল ইস্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ ও ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১২৩ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি পণ্য রয়েছে। এসব ঘটনায় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এশিয়া পোস্টকে বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
