রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান। এটি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালান বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে এই জ্বালানি পরিবহন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি নিরাপদে পৌঁছে দিতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত পুরো পথেই বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পথে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত পথে বহরটি যাতে কোনো বাধা ছাড়াই প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি সতর্কতা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টার দিকে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটিসহ মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সবকটি চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
