হবিগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বাবার ওপর হামলা চালিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। খবর পেয়ে অভিযুক্ত ইয়াফিনকে (১৮) আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাহাবউদ্দিন মিয়া (৬০) ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই অসংলগ্ন আচরণ করতেন। মঙ্গলবার নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাড়িতে ছিলেন। এ সময় তার বাবা সাহাবউদ্দিন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াফিন ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, নিহত সাহাবউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত ইয়াফিন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও মৃত্যুর সঠিক পরিস্থিতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চিকিৎসাধীন ও তদন্ত সাপেক্ষে প্রক্রিয়াধীন।
