logo
Advertisement

আমিনবাজারে এসবি কর্মকর্তা হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সাভার
আমিনবাজারে এসবি কর্মকর্তা হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
সাভার মডেল থানা। ছবি : এশিয়া পোস্ট

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের পৃথক অভিযানে আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে আলোচিত এ হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়া এলাকার মৃত হাচ্চু মিয়ার ছেলে কাশেম (৩৩), একই এলাকার ডালিম হাজীর ছেলে জিৎ (২২) ও রাব্বি। তবে রাব্বীর বিস্তারিত তথ্য প্রাথমিক ভাবে জানা যায়নি।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, কাশেম ঘটনার শুরুতে থাকা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। পরবর্তী সময়ে ভুক্তভোগীর কারখানার ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা চুরির ঘটনায় সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে আসামি জিৎ সরাসরি হামলায় অংশ নিয়ে কাঠের লাঠি দিয়ে নিহত এসআই আলতাফ হোসেনের মাথায় ও কপালে আঘাত করেন।

তিনি জানান, সাভার মডেল থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনকে কুমিল্লা এবং অপর দুজনকে মৌলভীবাজার জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানার একাধিক দল দেশের বিভিন্ন প্রান্তে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জানা যায়, ঘটনার পরপরই প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে র‍্যাব-১০ ও পুলিশের যৌথ অভিযানে মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আরও আট আসামিকে গ্রেপ্তার করা হয়। কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ বিস্তারিত জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের আমিনবাজারের বরদেশী মদিনা সিটি এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের বৃদ্ধ মালিককে মারধরের প্রতিবাদ করায় হামলার শিকার হন এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলাম। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তারা পাশের একটি পোশাক কারখানায় আশ্রয় নিলে দুষ্কৃতকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে রড, পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে এসআই আলতাফ নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত হন।

নিহত আলতাফ হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়ায়। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বরদেশী এলাকায় বসবাস করতেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী শিউলি পারভীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।