লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ ও পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে রোগীদের পরীক্ষা করার অপরাধে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, অবৈধ কার্যক্রম বন্ধ ও রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা দিতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



