কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
কিশোর বয়সীদের উৎপাত রয়েছে–এমন বিভিন্ন স্থানকে চিহ্নিত করে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যরা এ অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
