ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক নারী-শিশুকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ আটক এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২২ মে) রাতে মাধুপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে অন্তত ১৫০ গজ ভারতের ভেতরে সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেওয়া হওয়া হলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীকে শিশুসহ আটকের পর সন্ধ্যা সাতটার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার স্বামী আছে। জানা গেছে তিনি স্বামীর কাছে যাচ্ছিলেন।
