সাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটি

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার সকাল থেকে সাভারের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা অবস্থান নেন। নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন।
এ পরিস্থিতিতে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
এ ছাড়া পিকার্ড বাংলাদেশ, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার, ফেরারি গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জি কিউ ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন কারখানার সামনেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দুই পোশাকশ্রমিককে আটক করা হয়েছে।
এদিকে দুপুরে সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করা হলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায়ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

