logo

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বরসংলগ্ন এক্সপ্রেসওয়েতে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া দুটি মোটরসাইকেল। ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশ্বরোড গোলচত্বরসংলগ্ন এক্সপ্রেসওয়ের খুলনা লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে ও কলেজছাত্র স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে রাজমিস্ত্রি এজাজুল কাজী (২০)।

আহতরা হলেন ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খানের ছেলে রাজন খান এবং জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘোরাঘুরির উদ্দেশ্যে চার যুবক দুটি মোটরসাইকেলে করে বিশ্বরোড গোলচত্বরে আসেন। এ সময় স্বাধীন ও তার সহযাত্রী একটি মোটরসাইকেলে করে জিয়াকুলির দিকে যাচ্ছিলেন। অপরদিকে রাজন ও নাসিমের মোটরসাইকেলটি দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। একপর্যায়ে দ্রুতগতির মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রহিম ফকির বলেন, মোটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চলার কারণে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এশিয়া পোস্টকে জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত অপর দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।