নাফ নদী থেকে নৌকাসহ ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে নাফ নদীর টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।
তারা হলেন, টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় বসবাসরত আবু তাহেরের ছেলে মো. মুফিজ (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৮), জাফর আলমের ছেলে মোহাম্মদ জামাল হোসেন (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার ১ নম্বর সুইচঘাট মৎস্য কমিটির সভাপতি মোহাম্মদ শহিদ।
তিনি জানান, নাফ নদীতে প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে যায় জেলেরা। দুপুরের দিকে হঠাৎ একটি কালো স্পিডবোটে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা এসে তাদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার নৌকাসহ তিন জেলেকে নিয়ে যায়।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, তিনজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তবে ঠিক কী কারণে তাদের ধরে নিয়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় জেলে সুলাইমান ও নুরুল বশর জানান, জেলেরা নাফ নদীর মিয়ানমার সীমান্তঘেঁষা অংশে মাছ ধরছিলেন। এ সময় স্পিডবোটে আরাকান আর্মির সদস্যরা এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে জেলেদের দুটি নৌকাসহ মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলে মো. জামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার বলেন, আমার তিন সন্তান। আমার স্বামীই সংসারের একমাত্র উপার্জনকারী। তাকে ধরে নিয়ে যাওয়ার খবরে আমরা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে আছি।
নাফ নদী থেকে একের পর এক অপহরণের ঘটনা স্থানীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করছে বলে জানান শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া মৎস্য সমিতির সভাপতি আব্দুল গনি। তিনি বলেন, আমরা তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি ।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, দুটি মাছ ধরার নৌকাসহ তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হচ্ছে।
.png)


