logo

আইসিজের রায়ে উচ্ছ্বসিত রোহিঙ্গারা, ‘আজ আমরা হাত বাড়িয়ে আকাশ ছুঁয়েছি’

আইসিজের রায়ে উচ্ছ্বসিত রোহিঙ্গারা, ‘আজ আমরা হাত বাড়িয়ে আকাশ ছুঁয়েছি’
আইসিজের চূড়ান্ত রায় ঘোষণার কার্যক্রম বড় পর্দায় দেখছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ছবি: এশিয়া পোস্ট

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) রায় নিজেদের পক্ষে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকেরা। দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর এ রায়ে নিজেদের ওপর চালানো নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি পাওয়ার পাশাপাশি মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার আশা দেখছেন তারা। তাদের আশা, ফিরে পাবেন হারানো ভিটেমাটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত এ মামলার রায় পড়া শুরু করেন। রায়টি পুরো পড়তে প্রায় দেড় ঘণ্টা লাগে।

Advertisement

রায়ের পর উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নিজেদের ওপর চালানো নির্যাতনের বিচার ও স্বীকৃতির প্রত্যাশায় দীর্ঘদিন অপেক্ষা করা রোহিঙ্গারা এ রায়কে নতুন আশার আলো হিসেবে দেখছেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উখিয়ার কুতুপালং লম্বাশিয়া আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল বলেন, রায় আমাদের পক্ষে আসায় খুব খুশি লাগছে। সাত বছর ধরে আমরা এই রায়ের অপেক্ষায় ছিলাম। আমাদের ওপর পরিকল্পিতভাবে যে গণহত্যা চালানো হয়েছিল, আদালত তা স্বীকার করেছেন। গাম্বিয়া যে চারটি সনদের ভিত্তিতে মামলা করেছিল, বিচারকেরা সেগুলো যাচাই করে সত্যতা পেয়েছেন। এ কারণে আমরা খুব খুশি। আশা করছি, নিজ দেশে ইজ্জত-সম্মানের সঙ্গে ফিরে যেতে পারব।

নিজের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, আমার অনেক ক্ষতি হয়েছে। ধনসম্পদ হারিয়েছি। আশা করছি, আমাদের ভিটেমাটি ফিরে পাব। এ আইনি লড়াইয়ে যুক্ত বাংলাদেশ সরকার, গাম্বিয়া, ওআইসিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

একই আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা মাস্টার দিলদার হোসাইন বলেন, আদালতের বিচারকেরা তাদের রায়ে বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। এ পরিকল্পনা দীর্ঘদিনের।

দিলদার হোসাইন বলেন, আজ আমাদের যে আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশ্ব শুনেছে, রোহিঙ্গা জনগোষ্ঠী গণহত্যার শিকার হয়েছিল। আমরা স্বীকৃতি পেয়েছি। আজ আমাদের কাছে নতুন ঈদের মতো লাগছে। মনে হচ্ছে, আজ আমরা হাত বাড়িয়ে আকাশ ছুঁয়েছি।

মাওলানা রহমত করিম বলেন, সবার আগে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যারা আমাদের মতো মজলুম মানুষের ওপর গণহত্যা চালিয়েছেন, তাদের বিরুদ্ধে বিষয়টি আন্তর্জাতিক আদালত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা হয়েছে। বিশেষ করে ওআইসি, গাম্বিয়া, বাংলাদেশসহ যারা রোহিঙ্গাদের পক্ষে আইনি লড়াইয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ আমার বুক ভরে গেছে।

ভবিষ্যতে বিশ্বের কোনো জনগোষ্ঠী যেন এ ধরনের গণহত্যার শিকার না হয়, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

রোহিঙ্গা নেতা ছৈয়দ মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা যে নির্যাতন ও কষ্টের শিকার হয়েছেন, আইসিজের রায়ের মাধ্যমে তার স্বীকৃতি মিলেছে। রায়ে উল্লেখ করা বিভিন্ন বিষয় রোহিঙ্গাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্তে সব রোহিঙ্গা খুশি হয়েছেন বলে জানান তিনি।

রোহিঙ্গা যুবক আব্দুল হামিদও রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যেসব রোহিঙ্গা নাগরিক ভিটেমাটি হারিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে জীবনযাপন করছেন, সবাই আজ খুব খুশি।

তবে রায়ের পরও মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক আদালতের রায়ের পরও রাখাইনে থাকা রোহিঙ্গারা নতুন করে নির্যাতনের শিকার হতে পারেন।

রোহিঙ্গা যুবক রহমত করিম বলেন, মিয়ানমারে এখনো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা রয়েছেন। তাদের নিয়ে আমাদের খুব চিন্তা হয়। অনেকে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে চলে গেছেন, ঘরহারা হয়েছেন। আমরা চাই, নিজেদের ভূমি ফিরে পেতে এবং সেখানে সুন্দরভাবে বসবাস করতে।

একই উদ্বেগের কথা জানিয়ে রোহিঙ্গা যুবক আবু তালেব বলেন, মিয়ানমারের মংডু, বুথিডং ও রাথিডং এলাকায় এখনো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। রায় আমাদের পক্ষে এলেও তারা সেখানে আবার নির্যাতনের শিকার হতে পারেন। তাই বিশ্ববাসী ও জাতিসংঘের কাছে আমাদের অনুরোধ, সেখানে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এ মামলা করে। সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর এ রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গারা।

এদিকে এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন শিবিরে বড় পর্দায় রায় দেখার আয়োজন করেন রোহিঙ্গারা। নারী-পুরুষ একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখেন। রায় ঘোষণার সময় অনেকেই ন্যায়বিচার ও নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য প্রার্থনা করেন।