logo
Advertisement

হ্যাক করে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

এশিয়া পোস্ট নিউজ, যশোর
হ্যাক করে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২
দুজন পুলিশের মাঝখানে চীনা নাগরিক চাওশিং। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক দুজন হলেন, চীনা নাগরিক চাওশিং ও যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম।

ভুক্তভোগী ব্যবসায়ী মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন পণ্য কিনতেন। সেই পরিচয়ের সূত্র ধরে গত সোমবার চীনা নাগরিক চাওশিং, ইমরানসহ কয়েকজন তার দোকানে যান। তারা প্রায় ৪৬ হাজার টাকার মালামাল কেনেন।

মিঠুর দাবি, পণ্যের মূল্য পরিশোধের পাশাপাশি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তার ব্যাংক হিসাবে সাত লাখ টাকা পাঠানো হয়। পরে প্রতারক চক্রের সদস্যরা জানান, অতিরিক্ত টাকা দেওয়ার কারণে বাকি অর্থের বিপরীতে তাকে একটি ব্যাংক চেক দিতে হবে।

পরিচিত হওয়ায় এবং নিজের ব্যাংক হিসাবে সাত লাখ টাকা জমা হয়েছে নিশ্চিত হওয়ার পর মিঠু তাদের একটি চেক দেন। অভিযোগ, ওই চেক ব্যবহার করে প্রতারক চক্রের সদস্যরা ব্যাংক থেকে পুরো সাত লাখ টাকা তুলে নিয়ে চলে যান।

পরে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মিঠু মজুমদারকে ব্যাংকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ঢাকার টঙ্গি এলাকার একটি ইসলামী ব্যাংক শাখার এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা তার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে সেই টাকা চেকের মাধ্যমে উত্তোলন করা হয়।

বিষয়টি জানার পর প্রতারণার ঘটনায় নিজের সম্পৃক্ততা না থাকলেও বিপাকে পড়েন মিঠু। পরে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মিঠু মজুমদার বলেন, বুধবার বিকেলে আরএন রোড এলাকার একটি দোকানে চীনা নাগরিক চাওশিং ও ইব্রাহিমকে দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চীনা নাগরিকের নাম প্রাথমিকভাবে চাওশিং জানা গেলেও তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং হ্যাক করা ব্যাংক হিসাব থেকে কীভাবে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।