Advertisement

মাদ্রাসার বন্ধ কক্ষে ১৩ বস্তা সরকারি বীজ, জামায়াত নেতাকে শোকজ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
মাদ্রাসার বন্ধ কক্ষে ১৩ বস্তা সরকারি বীজ, জামায়াত নেতাকে শোকজ
উদ্ধার করা ১৩ বস্তা আমন ধানের বীজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি প্রণোদনার ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাকে শোকজ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ‘জামেউল উলুম মাদ্রাসা’ থেকে এসব বীজ উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার এবং চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শামসুল ইসলাম হেলালীর কার্যালয়সংলগ্ন একটি তালাবদ্ধ কক্ষ থেকে বীজগুলো উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসায় যান। এ সময় সুপারের কার্যালয়ের পাশের একটি কক্ষ তালাবদ্ধ দেখে খোলার নির্দেশ দেন তিনি। পরে কক্ষটি থেকে সরকারি প্রণোদনার ১৩ বস্তা আমন ধানের বীজ জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে লোহাগাড়ার দূরবর্তী চরম্বা ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে বীজগুলো পাঠানো হয়েছিল। নিয়ম অনুযায়ী অন্তত ১৫ দিন আগেই কৃষকদের মাঝে এগুলো বিতরণ করার কথা ছিল। নির্ধারিত সময়ে বিতরণ না করে তা কীভাবে এবং কেন রাজনৈতিক নেতার জিম্মায় রাখা হলো, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ স্বীকার করে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির ও ভারপ্রাপ্ত সুপার শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মাঝে বিতরণের জন্য তাদের মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল, যার মধ্যে ৪ বস্তা বিতরণ করা হয়েছে। ব্যস্ততার কারণে বাকি ১৩ বস্তা সময়মতো বিতরণ করতে না পেরে মাদ্রাসায় রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা বীজগুলো পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।